শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পানিহাতা মিশনের পূর্ব পাশে ফেকামারী সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। পরে রাতে তাঁদের নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন নুরজাহান খাতুন (৩২), আবিদ মুক্তি (২৬), আনোয়ারা (২০) এবং তিন শিশু সাকিব হাসান শেখ (২), আকিব হাসান (৪) ও রাকিব হাসান (৮)। তাঁদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ডানকুনি থানার মনুহারপুর মল্লিকপাড়া এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ২০২৪ সালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। শুক্রবার তাঁরা নালিতাবাড়ীর পানিহাতা-ফেকামারী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার তাঁদের আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন