Advertisement
শুক্রবার, 02 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

গবেষক ও শিক্ষক হলেন মিথিলা

গবেষক ও শিক্ষক হলেন মিথিলা
News Banner

অভিনয় ও উন্নয়নকর্মের পরিচয় ছাপিয়ে এবার গবেষণা ও শিক্ষকতায় নতুন যাত্রা শুরু করলেন জনপ্রিয় অভিনেত্রী ও উন্নয়নকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। দীর্ঘ দুই দশক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে কাজ করার পর যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতাও শুরু করেছেন এই তারকা।

সম্প্রতি নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে পেশাগত জীবনের নতুন এই অধ্যায়ের কথা জানান মিথিলা। তাঁর এই অর্জনের খবরে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ ‘অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট’ হিসেবে কাজ শুরু করেছেন মিথিলা। সেখানে নিউইয়র্কভিত্তিক ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের দায়িত্বে নেতৃত্ব দেবেন তিনি।

প্রকল্পটির মূল লক্ষ্য প্রারম্ভিক শৈশবের বিকাশ, পারিবারিক সম্পৃক্ততা এবং কমিউনিটি স্বাস্থ্য নিয়ে কাজ করা। জন্ম থেকে পাঁচ বছর বয়সী শিশুদের পরিবারগুলোকে তাদের সন্তানদের সুস্থ বিকাশের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পরিবেশের সঙ্গে যুক্ত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

মিথিলা জানান, স্থানীয় জনগোষ্ঠীর চাহিদার সঙ্গে গবেষণার সমন্বয় ঘটিয়ে তথ্য-উপাত্ত ও প্রমাণভিত্তিক কার্যক্রমের মাধ্যমে প্রকল্পটিকে এগিয়ে নিতে চান তিনি। আন্তর্জাতিক উন্নয়ন খাতে দীর্ঘদিনের অভিজ্ঞতা নতুন এই কাজে কাজে লাগানোর প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

গবেষণার পাশাপাশি শিক্ষকতা পেশায়ও যুক্ত হয়েছেন মিথিলা। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে ‘অ্যাডজাঙ্কট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর’ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সেখানে ‘ননপ্রফিট ম্যানেজমেন্ট’ বিষয়ে পড়াচ্ছেন। শিক্ষার্থীদের অলাভজনক সংস্থাগুলোর বাস্তব কার্যক্রম ও ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা দেওয়াই তাঁর পাঠদানের অন্যতম লক্ষ্য।

দীর্ঘদিনের কর্মস্থল ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিথিলা জানান, তাঁর পেশাগত জীবনের পথচলায় প্রতিষ্ঠানটির অবদান অপরিসীম। ব্র্যাকের সঙ্গে কাটানো দুই দশকের মধ্যে ১৫ বছর তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের হয়ে আন্তর্জাতিক উন্নয়ন খাতে কাজ করেছেন। এই দীর্ঘ অভিজ্ঞতাই তাঁর পেশাগত জীবনের নতুন অধ্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তিনি।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের গবেষণা অবকাঠামো এবং মেধাবী গবেষকদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মিথিলা। নতুন এই যাত্রায় সবার কাছে দোয়া ও শুভকামনাও চেয়েছেন তিনি।

অভিনয়জগতে পরিচিত মুখ হলেও আপাতত ক্যামেরার আলো থেকে কিছুটা দূরে থেকে গবেষণা, উন্নয়ন ও শিক্ষকতায় নিজের বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগাতে চান এই অভিনেত্রী।

এই সংবাদটি পঠিত হয়েছে: 14 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 266 টি

মন্তব্য করুন