নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরে তিনি দুই দেশের গুরুত্বপূর্ণ সামরিক সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি প্রতিরক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করবেন।
শনিবার ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান। রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আইএসপিআর জানায়, সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
এ ছাড়া অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটি পরিদর্শন করবেন তিনি। পরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশনে যোগ দেবেন সেনাপ্রধান।
সফরকালে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি দুই দেশের বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন তিনি।
মন্তব্য করুন