স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি। সোমবার (৫ অক্টোবর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে নিরাপত্তা সহযোগিতা, শান্তি-শৃঙ্খলা রক্ষা, মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনা, অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে নিরাপত্তা বাহিনীর দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ, যৌথ কর্মশালা আয়োজন এবং আইনগত সহায়তা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সরকারি পর্যায়ে (জি-টু-জি) দীর্ঘমেয়াদি এলএনজি ও সার আমদানির উদ্যোগের বিষয়েও আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করে, এসব উদ্যোগ দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
আলোচনায় আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। তিনি দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারে আলজেরিয়ার আগ্রহের কথা জানান।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ ও আলজেরিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নিতে আলজেরিয়া বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি বাড়াতে পারে। পাশাপাশি ডাক্তার, নার্সসহ দক্ষ জনশক্তি বাংলাদেশ থেকে নেওয়ার জন্য তিনি আলজেরিয়ার প্রতি আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশে বিচারাধীন এক আলজেরীয় নাগরিকের আইনি জটিলতার বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে আদালতের নিয়মানুগ প্রক্রিয়ায় আবেদন করার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে প্রয়োজনীয় আইনি সহযোগিতার আশ্বাস দেন তিনি।
এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণের বিষয়টি উল্লেখ করা হয়। আলজেরিয়ার রাষ্ট্রপতি ওই আমন্ত্রণ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন সফরের জন্য সুবিধাজনক কূটনৈতিক তারিখ নির্ধারণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বৈঠকে দুই দেশের মধ্যে নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক এটিএম আব্দুর রউফ মন্ডলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন