Advertisement
রবিবার, 11 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

ফ্যামিলি কার্ড: কারা পাবেন, কারা পাবেন না

ফ্যামিলি কার্ড: কারা পাবেন, কারা পাবেন না
News Banner

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হচ্ছে আগামীকাল সোমবার (১২ অক্টোবর)। এ কর্মসূচির মাধ্যমে হতদরিদ্র, নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে অগ্রাধিকার দিয়ে নগদ সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে নির্দিষ্ট কিছু শর্তের কারণে আট শ্রেণির ব্যক্তি বা পরিবার এ সুবিধা পাওয়ার যোগ্য হবেন না।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের গত ৮ অক্টোবরের এক চিঠিতে জানানো হয়, ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে পরিবার ও থানা-ভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ জন্য প্রণয়ন করা হয়েছে ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’। প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্য যাচাই-বাছাই করে সহায়তার জন্য উপযুক্ত পরিবার নির্বাচন করা হবে।

সরকারের পক্ষ থেকে প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে কেউ টাকা চাইলে তা না দিতে বলা হয়েছে। তথ্য প্রদানের জন্য কোনো অর্থ লাগবে না। কেউ টাকা দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর কথা বলা হয়েছে।

ফ্যামিলি কার্ড পাবেন যারা

ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন গ্রামের হতদরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলো। পাশাপাশি উপার্জনে অক্ষম সদস্য রয়েছেন—এমন পরিবার, নারীপ্রধান ও ঝুঁকিপূর্ণ পরিবার এবং বিধবা, তালাকপ্রাপ্তা, স্বামী পরিত্যক্তা ও অসচ্ছল নারীপ্রধান পরিবারকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এ ছাড়া ১৫ থেকে ১৮ বছর বয়সী অবিবাহিত মেয়ের পরিবার, প্রত্যাগত অভিবাসী—বিশেষত নারী অভিবাসীর পরিবার এবং শিশু, প্রতিবন্ধী বা অটিজম আক্রান্ত সদস্য থাকা পরিবার অগ্রাধিকার পাবে।

যেসব পরিবারের ঘরের দেয়াল মাটি, পাটকাঠি বা বাঁশ দিয়ে তৈরি, সেসব পরিবারও অগ্রাধিকার তালিকায় থাকবে। পাশাপাশি ভূমিহীন কৃষিশ্রমিক ও দিনমজুর পরিবারকে গুরুত্ব দেওয়া হবে।

নীতিমালায় ভূমিহীন পরিবার বলতে এমন পরিবারকে বোঝানো হয়েছে, যাদের বসতভিটা ও কৃষিজমি নেই, কিন্তু তারা কৃষিনির্ভর। এ ছাড়া সর্বোচ্চ ১০ শতাংশ বসতভিটা রয়েছে, কিন্তু কোনো কৃষিযোগ্য জমি নেই—এমন পরিবারও ভূমিহীন হিসেবে বিবেচিত হবে।

ফ্যামিলি কার্ডের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থাকতে হবে। পাশাপাশি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের মাধ্যমে সুপারিশ আসতে হবে।

আট শ্রেণির ব্যক্তি বা পরিবার পাবেন না ফ্যামিলি কার্ড

নীতিমালায় ফ্যামিলি কার্ডের নগদ সহায়তা পাওয়ার ক্ষেত্রে একটি ‘নেগেটিভ লিস্ট’ বা বহির্ভূত তালিকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত শর্তগুলোর যেকোনো একটি পূরণ হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা পরিবার এ সুবিধার অযোগ্য হতে পারেন।

১. নির্ধারিত সীমার বেশি পিএমটি স্কোর: সরকারের নির্ধারিত প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোরের ঊর্ধ্বসীমার চেয়ে বেশি স্কোর পাওয়া পরিবার ফ্যামিলি কার্ড পাবে না।

২. সরকারি বা এমপিওভুক্ত চাকরি: পরিবারের মনোনীত নারীপ্রধান সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কর্মরত থেকে নিয়মিত বেতন-ভাতা পেলে সুবিধা পাবেন না। এমপিওভুক্ত শিক্ষক বা কর্মচারী হলেও এ সুবিধা পাওয়া যাবে না।

৩. নিয়মিত সরকারি পেনশন: পরিবারের মনোনীত নারীপ্রধান নিয়মিত সরকারি পেনশন বা অনুরূপ অবসর সুবিধা পেলে ফ্যামিলি কার্ড পাবেন না। তবে প্রতিবন্ধী সন্তান হিসেবে বিশেষ পেনশন সুবিধা গ্রহণকারীরা এ শর্তের বাইরে থাকবেন।

৪. পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয় বা বিনিয়োগ: পরিবারের কোনো সদস্যের নামে জাতীয় সঞ্চয়পত্রে পাঁচ লাখ টাকার বেশি বিনিয়োগ থাকলে পরিবারটি বাদ পড়বে। একইভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ লাখ টাকার বেশি সঞ্চয়, ফিক্সড ডিপোজিট বা অন্য বিনিয়োগ থাকলেও এ সুবিধা মিলবে না।

৫. নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান: পরিবারের কোনো সদস্যের নামে বিআরটিএ নিবন্ধিত তিন বা চার চাকার মোটরযান থাকলে ফ্যামিলি কার্ড দেওয়া হবে না। এর মধ্যে সিএনজি বা পেট্রলচালিত ফোর-স্ট্রোক থ্রি-হুইলার, কার, জিপ, পিকআপ, বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, লরি ও মাইক্রোবাস রয়েছে।

৬. বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা লাইসেন্সধারী ব্যবসা: পরিবারের কোনো সদস্যের নামে বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান বা বাণিজ্যিক উদ্দেশ্যে হালনাগাদ লাইসেন্সসহ ব্যবসা থাকলে তিনি এ কর্মসূচির সুবিধা পাবেন না।

৭. করযোগ্য আয় ও নিয়মিত কর প্রদান: পরিবারের কোনো সদস্য নিয়মিত করদাতা হলে এবং তাঁর করযোগ্য আয় থাকলে পরিবারটি ফ্যামিলি কার্ডের জন্য যোগ্য হবে না।

৮. নির্ধারিত সীমার বেশি জমি বা অকৃষি সম্পত্তি: বসতভিটাসহ পরিবারের মোট আবাদি জমির পরিমাণ শূন্য দশমিক ৫০ একর বা তার বেশি হলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না। এ ছাড়া কোনো অকৃষি বা বাণিজ্যিক জমি কিংবা স্পেসের বাজারমূল্য পাঁচ লাখ টাকার বেশি হলেও পরিবারটি সুবিধার বাইরে থাকবে।

একই পরিবারের একাধিক সদস্য পাবেন না

নীতিমালা অনুযায়ী, একই পরিবারের একাধিক সদস্য ফ্যামিলি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। নির্দিষ্ট সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আগে থেকেই সুবিধা পাওয়া এবং সমন্বয়ের বাইরে থাকা পরিবারগুলোও এ কর্মসূচির সুবিধা পাবে না।

এ ছাড়া সরকারি তালিকাভুক্ত উপকারভোগীদের তথ্য ‘সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেমে’ যাচাই করে দ্বৈত সুবিধা গ্রহণের তথ্য পাওয়া গেলে তাঁদের ফ্যামিলি কার্ডের বাইরে রাখা হতে পারে।

কার্ডের মাধ্যমে মিলবে নগদ সহায়তা

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ দেওয়া হবে। এ ক্ষেত্রে হতদরিদ্র জনগোষ্ঠী ও নারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা রয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে ডিজিটাল পদ্ধতিতে উপকারভোগীদের কাছে অর্থ পৌঁছে দেওয়া হবে।

প্রযুক্তির মাধ্যমে হবে তথ্য যাচাই

ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ ও যাচাইয়ে অর্থ বিভাগের সামাজিক নিরাপত্তাবিষয়ক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ব্যবহারের প্রস্তাব রয়েছে। এ ব্যবস্থায় জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, মোবাইল ফোন নম্বর ও ইউনিয়নের নাম ব্যবহার করে নিবন্ধন করা সম্ভব হবে।

বর্তমানে সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেমে চার কোটির বেশি উপকারভোগীর তথ্য সংরক্ষিত রয়েছে। এসব তথ্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র, মোবাইল ফোন নম্বর বা ব্যাংক হিসাবের মাধ্যমে একই ব্যক্তির একাধিক সুবিধা গ্রহণের বিষয়টি যাচাই করা যাবে।

এ ছাড়া জাতীয় পরিচয়পত্র, জন্ম ও মৃত্যুনিবন্ধন, টিআইএন, বিটিআরসির আইএমইআই ডাটাবেজ, জাতীয় সঞ্চয়পত্র, সরকারি কর্মচারী ও পেনশনার ডাটাবেজ এবং এমপিওভুক্ত শিক্ষকদের তথ্যভান্ডারের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে।

বিকাশ, রকেট, নগদসহ পাঁচটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সঙ্গে সমন্বিত ব্যবস্থার মাধ্যমে সরকারি অর্থ সরাসরি উপকারভোগীদের কাছে পাঠানো এবং তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণের সুযোগ থাকবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রকৃত অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিত করে তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া। এ ক্ষেত্রে সঠিক তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং যোগ্য পরিবার নির্বাচনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এই সংবাদটি পঠিত হয়েছে: 9 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 391 টি

মন্তব্য করুন