Advertisement
সোমবার, 12 অক্টোবর 2026
১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ

অভিবাসন সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইইউ

অভিবাসন সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-ইইউ
News Banner

নিরাপদ ও নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং অনিয়মিত অভিবাসন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে সহযোগিতা জোরদার করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ লক্ষ্যে অভিবাসন ব্যবস্থাপনায় দুই পক্ষের মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পৃক্ততার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন ও স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনার। এ সময় বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

সাক্ষাতে অভিবাসন ব্যবস্থাপনা, প্রত্যাবর্তন, মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নিয়মিত অভিবাসনকে উৎসাহিত করতে বাংলাদেশি দক্ষ কর্মী ও পেশাজীবীদের জন্য ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্যরাষ্ট্রগুলোতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে বাস্তবসম্মত, চাহিদাভিত্তিক ও ফলাফলমুখী গতিশীলতা করিডোর তৈরির আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসনবিষয়ক বৈশ্বিক চুক্তি (জিসিএম) বাস্তবায়নে সরকারের নেওয়া জাতীয় কর্মপরিকল্পনা (এনএপি) ২০২৬-২০৩০ সম্পর্কেও আলোকপাত করেন।

অন্যদিকে, ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনার ইউরোপীয় ইউনিয়নের ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ’ তুলে ধরেন। উৎস ও ট্রানজিট দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নে অনিয়মিত অভিবাসন মোকাবেলা করাই এ উদ্যোগের লক্ষ্য।

প্রতিমন্ত্রী এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি অনিয়মিত অভিবাসন প্রতিরোধে জালিয়াতি ও অপরাধী চক্রের বিরুদ্ধে নেওয়া উদ্যোগসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে ইইউ কমিশনারকে অবহিত করেন।

অনিয়মিত অভিবাসনের মূল কারণগুলো চিহ্নিত করে তা সমাধানের ওপরও গুরুত্ব দেন শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, নিয়মিত অভিবাসনের পথ সুগম করার পাশাপাশি সমস্যাটির কার্যকর সমাধানে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

আলোচনায় উভয় পক্ষ অভিবাসন খাতে সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়। পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণসহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের বহুমুখী অংশীদারত্ব শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাক্ষাতের শেষে অভিন্ন অগ্রাধিকার নিয়ে সংলাপ অব্যাহত রাখা এবং পারস্পরিক সহযোগিতা আরও ঘনিষ্ঠ করার বিষয়ে সম্মত হয় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন।

এই সংবাদটি পঠিত হয়েছে: 11 বার

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার

এই সাংবাদিকের মোট খবর: 402 টি

মন্তব্য করুন